চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নবম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর শহরের ছায়াবাণী এলাকায় ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছায়াবাণী রেল ক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র উদ্ধার করে তার পরিচয় নিশ্চিত করে। তায়েবা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির মেয়ে এবং বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় তায়েবা। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয়পত্রের সূত্রে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, ট্রেনের নিচে কাটা পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *