অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’-এর দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল ১৩ আগস্ট সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. জুয়েল রানা তা মঞ্জুর করেন।
আদালত থেকে জামিন লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন তিশা। যার সাথে শাড়ি নিয়ে মূলত কথা হয়েছিল, তার কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন এই অভিনেত্রী। একই সাথে তিনি অভিযোগ করেন—মূল ব্যক্তি নিজেকে আড়ালে রেখে অন্যজনকে দিয়ে মামলা করিয়েছেন।
আদালত প্রাঙ্গণের অভিজ্ঞতা জানিয়ে তিশা লেখেন, আইনি শুনানির দিন ওই ব্যবসায়ী নিজে আইনজীবীর মতো ‘কোর্ট ড্রেস’ পরে আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে সাংবাদিকদের এড়িয়ে প্রাঙ্গণ ত্যাগ করেন। তিশার দাবি, যেই শাড়ি নিয়ে এত নাটকীয়তা ও আইনি টানাটানি, সেই শাড়ি পরে তিনি অনেক আগেই নিজের ভেরিফায়েড পেজে ছবি আপলোড করেছেন এবং সংশ্লিষ্ট পেজটিকেও যথানিয়মে ট্যাগ (মেনশন) করেছিলেন।
পুরো ঘটনাকে সস্তা ‘নেগেটিভ মার্কেটিং’ ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে তিশা দাবি করেন, ওই নারীর স্বামী একজন সচিব হওয়ায় ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে সত্যের জয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া’ ফ্যাশনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম আদালতে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি প্রচারণা চালানো ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতিতে নিয়ে পরবর্তীতে তিশা যোগাযোগ বন্ধ করে দেন।