রাজশাহীতে রিকশা সরানো নিয়ে হাতাহাতি, হাসপাতালে রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে রিকশা সরানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির পর এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. পলাশ (৪৫)। তিনি নগরের রাজারহাতা এলাকার বাসিন্দা। ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পলাশ আগে থেকেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে রক্তচাপ মাপার জন্য তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। সেখানে রিকশা রাখায় কিছুটা যানজট তৈরি হয়।

এ সময় পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশাটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মীমাংসা করে। পরে স্থানীয় লোকজন অসুস্থ পলাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহত পলাশের পরিবারের পক্ষ থেকে সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করার জন্য থানায় এজাহার দেওয়া হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী দৈনিক বাংলাভিউকে জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা থানায় এজাহার জমা দেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *