নাটোরের চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য গৃহীত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের লিখিত পরীক্ষার ফল স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক (টেলিফোনিক) নির্দেশনার ভিত্তিতে পূর্বে ঘোষিত এই ফলাফল স্থগিত রাখা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর—এই চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ সংক্রান্ত নিয়োগ পরীক্ষার ফলাফল কার্যকর হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, হুট করে নিয়োগের ফল স্থগিত হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ, হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে দ্রুত পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নিয়োগপ্রত্যাশীরা।