মেট্রোরেলের যাত্রীদের জন্য রাতের যাতায়াতে স্বস্তির খবর আসছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের শেষ ট্রেনের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাস থেকে ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়তে পারে।
নতুন সময়সূচি কার্যকর হলে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে শেষ ট্রেনের মধ্যবর্তী সময়ের বিরতিও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২০ মিনিটের বিরতি থাকলেও তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত চালক বা ট্রেন অপারেটরের প্রয়োজন হবে। এ জন্য ইতোমধ্যে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। নতুন নিয়োগ পাওয়া অপারেটরদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের দিয়ে ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর ফলে রাতের সেবার সময় বাড়ানোর বিষয়টি বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে মেট্রোরেলের সময় বাড়ানোর পাশাপাশি রাতে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কারিগরি কাজ কীভাবে সম্পন্ন করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে। কারণ ট্রেন চলাচলের সময় বাড়লে রক্ষণাবেক্ষণের জন্য পাওয়া সময় কিছুটা কমে যাবে।
এর আগে গত ৭ জুন থেকে রাতের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীরা আরও কিছুটা সময় মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাবেন।
এদিকে মেট্রোরেলে যাত্রীসংখ্যা বাড়তে থাকায় ব্যস্ত সময়গুলোতে ভিড়ও কমেনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। ফলে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের জন্য মেট্রোরেলের অতিরিক্ত সময় ও ট্রেনের মধ্যবর্তী বিরতি কমানোর উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।