বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সৌদি আরবের তিন বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে সৌদি আরবের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২০২৬ সালের একাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজে তাইফ বিশ্ববিদ্যালয়, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জাজান বিশ্ববিদ্যালয় তাদের আগের অবস্থান থেকে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করেছে।

তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে তাইফ বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬২৭তম অবস্থানে থাকা এই প্রতিষ্ঠানটি এবার ২১৯ ধাপ এগিয়ে ৪০৮তম স্থানে উঠে এসেছে। এই অগ্রগতির ফলে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উন্নীত হয়েছে।

রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ও তাদের অবস্থানে বড় উন্নতি ঘটিয়েছে। গত বছর তারা ৯০১-১০০০ স্তরে থাকলেও এবার ৬০১-৭০০ স্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়া জাজান বিশ্ববিদ্যালয় টানা তৃতীয়বারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এবার প্রতিষ্ঠানটি বিশ্বের ৯০১-১০০০ স্তরের মধ্যে অবস্থান করছে এবং সৌদি আরবের শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে গণ্য হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গবেষণার মান উন্নয়ন, গবেষকদের সহায়তা প্রদান, গবেষণা খাতে অর্থায়ন বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থিতি জোরদার করার ফলেই বিশ্ববিদ্যালয়গুলোর এই সাফল্য অর্জিত হয়েছে। ‘একাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ বা সাংহাই র‌্যাঙ্কিং প্রতি বছর বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে। শিক্ষার মান, শিক্ষক ও গবেষকদের কর্মদক্ষতা, গবেষণার ফলাফল এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। সৌদি আরবের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে নেওয়া সরকারি উদ্যোগের সুফলই আন্তর্জাতিক এই র‌্যাঙ্কিংয়ে প্রতিফলিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *