লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় বন্দি থাকার পর আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরা এই দলে ৩ জন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন এসব বাংলাদেশি। সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হওয়ার পর লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে দীর্ঘ সময় বন্দি ছিলেন। লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ করছে। এরই অংশ হিসেবে স্থানীয় প্রশাসনের অনুমোদন ও আইওএমের সার্বিক সহযোগিতায় এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দূতাবাস। এর আগে গত ৭ আগস্ট একই ধরনের পরিস্থিতির শিকার ৩৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি আগস্ট মাসে মোট ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সকলকে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিদেশে অভিবাসন বা কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারিভাবে অনুমোদিত এবং আইনসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রা থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *