জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন। এর ফলে যেকোনো দিন এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।
মামলাটিতে অভিযুক্ত সাতজন হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত সাতজনই বর্তমানে পলাতক রয়েছেন। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সংঘটিত অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই বিচারিক প্রক্রিয়া চলছে।