সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে চার জেলে কারাগারে

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ডিঙি নৌকা এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা মোস্তফা গাজী (৬৪), মাহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) এবং ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি চিংড়ি ও ১৩৭ কেজি সাদা মাছ উদ্ধার করা হয়। এছাড়া একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আটক চার জেলেকে সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত বিকেল ৫টা ৪৭ মিনিটে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছেন।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সুরক্ষায় বনাঞ্চলে প্রবেশ ও মাছ শিকারের ওপর চলমান নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।











