
আজ শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জের শহর ও শহরতলির কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
◾সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।
◾মাইকিং করে জানানো হয়েছে
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি জানিয়ে বিউবোর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের বিষয়টি জানানো হয়েছে।
বিউবো জানিয়েছে, মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।