কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিতির প্রতিবাদে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সবকটি শ্রেণিকক্ষ বন্ধ দেখতে পায়। এর ফলে ক্ষুব্ধ শিশুরা লাঠিসোঁটা হাতে নিয়ে বন্ধ দরজায় লাথি মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করে।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন ও সামসুন্নাহার অভিযোগ করে জানায়, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে আসেন না, যার ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। তাদের দাবি, শিক্ষকরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান নিশ্চিত করেন, সেই লক্ষ্যেই তারা এই বিক্ষোভে অংশ নিয়েছে।
স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, বিদ্যালয়টির পরিস্থিতি দীর্ঘদিন ধরেই নাজুক। এখানে কর্মরত পাঁচজন শিক্ষকের কেউই নিয়মিত আসেন না। বিশেষ করে বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের এমন বেহাল দশা তৈরি হয়েছে। পরে স্থানীয়রা গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক ইসরাত জাহানের সাথে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এদিকে, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।