মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও কাটানালা এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে সাইফুল মিয়া নামের এক যুবক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পালিয়ে যাওয়ার সময় প্রবাসীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, গরেরগাঁও কাটানালা গ্রামের লালু মিয়ার ছেলে সাইফুল মিয়া একই এলাকার এক প্রবাসীর স্ত্রী উর্মী বেগমকে নিয়ে সম্প্রতি পালিয়ে যান। প্রবাসীর পরিবারের দাবি, তারা চলে যাওয়ার সময় উর্মী বেগম ঘর থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন।
ঘটনার পর প্রবাসীর পরিবারের পক্ষ থেকে জুড়ী থানায় লিখিত মামলা করা হয়েছে। তবে মামলা দায়েরের পরও অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
পুলিশের কাছ থেকে কার্যকর পদক্ষেপ না পাওয়ার অভিযোগ তুলে সাইফুল মিয়া ও উর্মী বেগমকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে প্রবাসীর পরিবার।
এ ঘটনায় জায়ফরনগর ইউনিয়নজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং খোয়া যাওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।