সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন আর দূরবর্তী আশঙ্কা নয়; দ্রুতগতিতে ঘটে চলা এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার কোটি মানুষের বসত হারানোর ঝুঁকি তৈরি করেছে। জাতিসংঘ মহাসচিবের ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সম্পর্কিত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার উপায় ও পন্থা’ শীর্ষক নতুন প্রতিবেদনে এ সতর্কতা উঠে এসেছে।
মঙ্গলবার জাতিসংঘের ওই প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নথিভুক্ত ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার অনেক বেশি।
এই হার ক্রমাগত ত্বরান্বিত হচ্ছে এবং উন্নত ও উন্নয়নশীল সব দেশের জন্যই বড় ধরনের বিপদ ডেকে আনছে। এটি বৈশ্বিক পরিসরে বাড়তে থাকা গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। দ্রুত আপডেট পেতে দৈনিক বাংলাভিউয়ের X অ্যাকাউন্ট অনুসরণ করুন।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে শহুরে অবকাঠামো, বিদ্যুৎ গ্রিড, পরিবহন নেটওয়ার্ক, পানি সরবরাহব্যবস্থা এবং ভূগর্ভস্থ পানিসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
একই সঙ্গে মানবাধিকারের কার্যকর ভোগের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে।ঝুঁকির ধরন অঞ্চলভেদে ভিন্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিয়ামি ও নিউ ইয়র্ক এবং চীনের গুয়াংঝৌয়ের মতো উচ্চ আয়ের শহরগুলোতে উপকূলীয় অবকাঠামোর ওপর বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি হয়েছে।
এসব শহরে ঝুঁকিতে থাকা সম্পদের পরিমাণ প্রায় ২ ট্রিলিয়ন থেকে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দুর্যোগঝুঁকির মধ্যে নিম্নভূমির ব-দ্বীপ অঞ্চলগুলোর চিত্র আলাদা। ভারতের কলকাতা ও মুম্বাই এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মতো শহরগুলোতে সবচেয়ে বড় সংকট মানুষের বাস্তুচ্যুতি।
এসব শহরে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ স্থায়ীভাবে জলমগ্ন হওয়ার কারণে ঘরবাড়ি হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উপকূলীয় দুর্বলতা ও ঝুঁকি মূল্যায়নে ব্যবহৃত সূচকগুলো আরও শক্তিশালী করা প্রয়োজন। আর্থিক ক্ষতির পাশাপাশি মানবজীবন ও বাস্তুচ্যুতির মতো সামাজিক ঝুঁকিকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
অঞ্চলভেদে ঝুঁকির প্রকৃতি বদলে যাওয়ায় মূল্যায়নেও সেই পার্থক্য প্রতিফলিত হওয়া জরুরি বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। আরও গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে দৈনিক বাংলাভিউ WhatsApp চ্যানেল অনুসরণ করুন।