দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। এবার কোনো ভারতীয় সিনেমায় নয়, আন্তর্জাতিক অ্যাকশন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা।
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
‘সেভেন ডগস’ পরিচালনা করেছেন ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’খ্যাত পরিচালক আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। আন্তর্জাতিক পরিসরে নির্মিত সিনেমাটিতে ভারত, মিশর, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন অভিনয়শিল্পী রয়েছেন।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘সেভেন ডগস’ নামের একটি আন্তর্জাতিক অপরাধচক্র এবং তাদের তৈরি ‘পিংক লেডি’ নামের বিপজ্জনক মাদককে ঘিরে।
ট্রেলারে সালমান খান ও সঞ্জয় দত্তের চরিত্র সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে সিনেমাটির গল্পে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ছবিটি মূলত আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও বিশ্বের বিভিন্ন ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) ও ‘রিয়াদ সিজন’-এর সহযোগিতায় সেলা স্টুডিওস সিনেমাটি প্রযোজনা করেছে।
চলতি বছরের ২২ মে মিশরের কায়রোতে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর ২৭ মে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মুক্তি পায় ‘সেভেন ডগস’।
ভারতে এখনও সিনেমাটি মুক্তি পায়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সালমান খান ও সঞ্জয় দত্ত এর আগে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জালওয়া’ (২০০২) সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে এপি ধিলোঁর ‘ওল্ড মানি’ মিউজিক ভিডিওতেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা।
‘সেভেন ডগস’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় এই দুই তারকার একসঙ্গে উপস্থিতি নিয়ে তাই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
<p>57457</p>
45785