বিপ্লব-রুহানীসহ পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় বিপ্লব কুমার সরকার ছাড়াও রয়েছেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন, উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী। উল্লেখ্য, বরখাস্ত হওয়ার আগে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

একইভাবে মো. ইকবাল হোসাইন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত এবং পলাতক রয়েছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী দীর্ঘদিন ধরে ডিএমপির অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

পুলিশ বাহিনীর সাবেক এই প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের নেওয়া এই কঠোর পদক্ষেপকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চেইন অব কমান্ড ও শৃঙ্খলা নিশ্চিত করার একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নির্দিষ্ট মেয়াদে কর্মস্থলে অনুপস্থিতি ও সরকারি বিধিমালু লঙ্ঘনের কারণেই এই চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে এই কর্মকর্তারা আইনের দৃষ্টিতে পলাতক বা বরখাস্ত হিসেবে গণ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *