ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় সুরাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার উপজেলার চানপুর গ্রামের মো. হানিফের মেয়ে এবং সিলোনীয়া হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। এ সময় শরীয়তপুর এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও পথচারীদের চাপা দিয়ে উল্টে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সুরাইয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে স্থানীয় একটি স্কুলের মাঠে রাখা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
<p>57457</p>
45785