বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিন কে পরবর্তী ১৫টি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় এই কঠোর শাস্তির মুখোমুখি হলেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, ‘ফিফা টায়ার-১ ম্যাচ, আন্তর্জাতিক ও ন্যাশনাল টিমের পরবর্তী ১৫ ম্যাচের জন্য আল আমিনকে নিষিদ্ধ করা হয়েছে’। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একই ঘটনায় আরেক ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এর আগে টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর ফিফা মিরাজুল ও দলের ম্যানেজারকে আর্থিক জরিমানা করেছিল। আর আল আমিনকে এবার ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করলো ফিফা। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য এটিই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।
এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল। জুনে মালদ্বীপের ওই ম্যাচের সময় উভয় দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়েছিলেন, যার জের ধরে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
<p>57457</p>
45785